এবার শোক নাকি প্রতিশোধ, নতুন রূপে কী দেখা যাবে অ্যাভাটারে ?

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

সিনেমা প্রেমীদের জন্য দারুণ খবর! ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমার প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। বহু প্রতীক্ষিত ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর সেই চিত্রে দেখা যাচ্ছে, নিতিরি চরিত্রে অভিনয় করা জোয়ি সালডানা তার ধনুক তাক করে আছেন। তার চোখে-মুখে স্পষ্ট রাগের ছাপ। এই দৃশ্য নেটিজেনদের মন জয় করে নিয়েছে এবং আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, আসতে চলেছে এক চমকপ্রদ নতুন অ্যাভাটার।

সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জোয়ি সালডানা এই সিনেমাটি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, আগের কাহিনীর দুঃখজনক পরিণতি এখনো নিতিরিকে তাড়িয়ে বেড়াচ্ছে। দ্বিতীয় পর্ব ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এর শেষ দিকে নিতিরি ও জেকের পরিবার আবারও ভয়াবহ সংঘাতের শিকার হয়। সেই সংঘর্ষে তাদের সন্তান নেটেয়াম মারা যায়। সেই ‘অসীম শোক’ এখনো নিতিরির পিছু ছাড়েনি। সালডানা বলেন, ‘সেই কষ্টের যেন শেষ নেই। আর ঠিক সেখান থেকেই জন্ম নিচ্ছে এক অপ্রতিরোধ্য ক্রোধ। এই পর্বে সুলি পরিবারকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।’তিনি আরও উল্লেখ করেন, নিতিরির ভেতরের এই সংঘাত কেবল তার স্বামী জেকের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই নয়; বরং এটি তার নিজের অস্তিত্ব, তার জাতি, ভূমি এবং নাভি সম্প্রদায়ের রীতিনীতি নিয়েও তাকে প্রশ্ন তুলতে বাধ্য করবে।

‘ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ সুলি পরিবার প্যান্ডোরার আগ্নেয়গিরি অঞ্চলে যাবে। সেখানে তারা মাংকওয়ান গোষ্ঠীর সঙ্গে পরিচিত হবে। সেখানেই নিতিরির দেখা হবে ভারাংয়ের সঙ্গে, যে এই গোষ্ঠীর একজন শক্তিশালী নারীনেত্রী। এই চরিত্রে অভিনয় করেছেন ওনা চ্যাপলিন।পরিচালক জেমস ক্যামেরন জানিয়েছেন, এই সিনেমায় জোয়ি সালদানার অভিনয় অসাধারণ উচ্চতায় পৌঁছেছে। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিটি আগামী ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সিনেমা হলে মুক্তি পাবে।

এলআইএ/এএসএম