মেট গালায় ইতিহাস সৃষ্টি করলেন বলিউডের বাদশা ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

এ যেনো এক ভিন্ন রূপে শাহরুখ খান। সম্পূর্ণ কালো পোশাকে, গলায় একাধিক হার এবং হাতে একটি ছড়ি নিয়ে বলিউড বাদশাকে দেখা গেল। এই সাজেই প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে আবির্ভূত হলেন কিং খান। তার এই ব্যতিক্রমী পোশাকে মুগ্ধ তার ভক্ত ও অনুরাগীরা।মেট গালায় অংশ নেওয়ার জন্য শাহরুখ রবিবার নিউইয়র্কে পৌঁছান। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, পোশাকশিল্পীর দল তখন জানায় যে ‘বেঙ্গল টাইগার’ সব্যসাচীর সাথে জুটি বেঁধে শাহরুখ খান মেট গালায় চমক সৃষ্টি করবেন।

সোমবার রাতে ‘মেট গালা ২০২৫’-এর মঞ্চে সম্পূর্ণ কালো পোশাকে জনসমক্ষে আসেন শাহরুখ। এ সময় শাহরুখ পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লম্বা কালো কোট, যা মেঝে পর্যন্ত বিস্তৃত ছিল। সাথে ছিল কালো শার্ট। তার গলায় শোভা পাচ্ছিল ভারী ও চকচকে বেশ কয়েকটি হার। একটি ‘কে’ অক্ষর খচিত হিরার পেনডেন্টও ছিল তার গলায়। হাতে ছিল বেশ কয়েকটি আংটি। এর সাথে হাতে থাকা ছড়িটি কিং খানের এই লুককে এক নতুন মাত্রা দিয়েছে। মেট গালার মঞ্চে এসে কিং খান পোজ দেন এবং হাসিমুখে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। তিনি তার নিজস্ব পরিচিত ভঙ্গিমাও ভোলেননি। ম্যানেজার পূজা দাদলানি সামাজিক মাধ্যমে শাহরুখ খানের এই মেট গালা লুক শেয়ার করেছেন, যা দেখে তার ভক্তরা অত্যন্ত আনন্দিত।

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর এই ঐতিহ্যবাহী ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এখানে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায়। মূলত নারীরাই এতে অংশ নেন। তবে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে অংশ নিয়ে শাহরুখ খান এক নতুন ইতিহাস গড়েছেন।