নিজস্ব প্রতিনিধি:
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া প্রায় তিন শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের স্বজনরা আজও জানেন না, প্রিয়জনেরা কোথায় আছেন, জীবিত না মৃত। গুম সংক্রান্ত কমিশন এই বিষয়ে তথ্য জানতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।বুধবার (৪ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। তিনি বলেন, গুম সংক্রান্ত কমিশন আজ দ্বিতীয় দফায় তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। প্রতিবেদনের বিভিন্ন বিষয় জানার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার ওপর জোর দিয়েছেন। শফিকুল আলম আরও জানান, যতদিন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সর্বশেষ ব্যক্তিটিকেও খুঁজে না পাওয়া যাবে, ততদিন পর্যন্ত গুম কমিশনের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকবে।
