অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন, ক্ষতিকারক রঙ ব্যবহারে জরিমানা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি এবং তাতে ক্ষতিকারক রং, রাসায়নিক হাইড্রোজ ও খোলা লবণ ব্যবহারের অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে রায়গঞ্জ উপজেলার রৌহা ধানগড়া এলাকায় অবস্থিত মেসার্স সোনার বাংলা পটেটো চিপস কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কারখানায় অনুমোদনহীন ও লেবেলবিহীন রং, রাসায়নিক হাইড্রোজ এবং খোলা লবণ ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি উৎপাদন পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর।

এই অপরাধের দায়ে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অননুমোদিত উপকরণ নিরাপদ খাদ্য অধিদপ্তরের উপস্থিতিতে জব্দ করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, টাস্কফোর্সের সদস্য, ক্যাবের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।