বলিউড অভিনেতা সাইফ আলি খান নিজের বাসায় ডাকাতির শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে ডাকাতদের আক্রমণে তাকে ছয়বার ছুরিকাঘাত করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের মতে, সাইফ শিরদাঁড়ায় গুরুতর আঘাত পেয়েছেন। অস্ত্রোপচার সফল হওয়ায় তার অবস্থা এখন স্থিতিশীল। ধারণা করা হচ্ছে, তিনি দুই-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। সাইফের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক নীরজ উত্তমণি জানিয়েছেন, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সাইফ সুস্থতার পথে রয়েছেন। দ্রুত তাকে আইসিইউ থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে সাইফের টিম থেকে জানানো হয় যে তার অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি বিপদমুক্ত। পরিবারের সবাই নিরাপদে আছেন, এবং পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
