হোসেনপুরে ৪০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ।

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১ বছর আগে


হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৪০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার মাকসুদা।

বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো. আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার রওনক জাহান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং শিক্ষকদেরকেও উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।