সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে প্রাণহানি ১৪, নিখোঁজ ১২৪।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসা ভয়াবহভাবে আঘাত হেনেছে তাইওয়ানে। এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৮ জন। নিখোঁজ রয়েছেন ১২৪ জন।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন জেলায় টাইফুনটি আছড়ে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই জেলাতেই। হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং জানিয়েছেন, হতাহতদের শনাক্তকরণ ও উদ্ধারকাজ চলছে। ফায়ার সার্ভিসের বিশেষ দল নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছে।

দমকল কর্মকর্তা ওয়াং সে-আন জানান, হুয়ালিয়েনের গুয়াংফু এলাকায় নদীর প্রবল স্রোতে একটি বড় সেতু ভেসে গেছে। প্রায় এক হাজার মানুষ বসবাস করা গ্রামটি এখন পানিতে তলিয়ে গেছে এবং বহু মানুষ এখনো আটকা রয়েছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রাগাসার প্রভাবে মঙ্গলবার থেকে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের উপকূলজুড়ে প্রবল ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। তবে হুয়ালিয়েন ছাড়া অন্য জেলায় বা হংকংয়ে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, রাগাসা দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ থেকে শক্তি সঞ্চয় করে সুপার টাইফুনে পরিণত হয়। সোমবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এটি প্রথম আঘাত হানে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বাতানিজ দ্বীপে। তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার।বর্তমানে টাইফুনটি দ্রুত চীনের দক্ষিণ উপকূল এবং এশিয়ার আরেক অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের দিকে এগোচ্ছে।