নিজস্ব প্রতিনিধি:
চীনা সীমান্তবর্তী ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সকালে লাদাখের লেহ শহরের রাস্তায় নেমে আসেন শত শত বিক্ষোভকারী।
তারা শুধু রাজ্যের মর্যাদা নয়, সাংবিধানিক সুরক্ষার দাবিও জানান।বিক্ষোভ চলাকালে ক্ষমতাসীন বিজেপির স্থানীয় অফিসে হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।গত তিন বছরে কেন্দ্রের সরাসরি শাসনের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে লাদাখে। স্থানীয়রা বারবার দাবি জানাচ্ছেন, তাদের জমি, সংস্কৃতি ও সম্পদ রক্ষার জন্য রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষা ফিরিয়ে দিতে হবে।
২০১৯ সালের আগস্টে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর জম্মু ও কাশ্মীরকে বিভক্ত করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। কিন্তু এক বছরের মধ্যেই সেখানকার মানুষ রাজনৈতিক শূন্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। তাদের অভিযোগ, গভর্নরের অধীনে প্রশাসন চলায় তাদের রাজনৈতিক অধিকার হুমকির মুখে পড়েছে।
