নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারে শুরু হওয়া তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘স্টেকহোল্ডারস ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’–এর বিশেষ অধিবেশনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় এ বিশেষ অধিবেশন শুরু হবে। এর আগে গতকাল রোববার (২৪ আগস্ট) থেকে এই সম্মেলন শুরু হয়েছে, যার উদ্দেশ্য রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও শক্তিশালী করা।
প্রথম দিনের কর্মসূচিতে রোহিঙ্গা প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। সেখানে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আস্থা তৈরির নানা দিক নিয়ে আলোচনা হয়। সেশনে অংশ নেন রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা প্রতিনিধি ও প্রবাসী রোহিঙ্গারা।
সেশনটি পরিচালনা করেন রোহিঙ্গা নেতৃবৃন্দ লাকি করিম, মোহাম্মদ রফিক (খিন মৌং) ও ওমর সালমা। এ সময় বক্তব্য দেন সয়েদুল্লাহ, ফুরকান মির্জা, আবদুল্লাহ, হুজ্জাউত উল্লাহ, সহাত জিয়া হিরো, আবদুল আমিন, জাইতুন নারা, জিহিন নূর, আবদুল্লাহ ও রো মুজিফ খান। প্রবাসী রোহিঙ্গাদেরও সক্রিয় অংশগ্রহণ ছিল। তবে সেশনটি মূলত রোহিঙ্গা প্রতিনিধিদের জন্য নির্ধারিত থাকায় অন্য অংশগ্রহণকারীরা শুধু পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
এ আলোচনায় যোগ দেন মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত থমাস এইচ অ্যান্ড্রুজ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (ভারপ্রাপ্ত) রানা ফ্লাওয়ার্স, মিয়ানমারের জন্য স্বাধীন তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কৌমজিয়ান এবং ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রাউফ মাজুও। এছাড়া ঢাকায় অবস্থানরত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধি, জাতিসংঘ সংস্থা, আন্তর্জাতিক সংগঠন, গণমাধ্যম, বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংলাপে আরও অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, যেমন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ।
