ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম ধাপে পুলিশের বিভিন্ন ইউনিটে ১০০ জনকে চাকরি দেওয়া হবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, আহতদের ভিন্ন ভিন্ন সমস্যা থাকায় সেগুলোর ভিত্তিতে তাদের জন্য উপযুক্ত কাজের ব্যবস্থা করতে হবে।
এছাড়া, এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, যারা প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা কাজ করবেন। এর মধ্যে ৪০০ জন ইতোমধ্যে এই উদ্যোগে অন্তর্ভুক্ত হয়েছেন।
উপদেষ্টা আরও জানান, অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ট্রাফিক ডিউটিতে নিয়োগের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে প্রত্যাশিত সাড়া মেলেনি। পরিকল্পনা ছিল ৫০০ জনকে নিয়ে শুরু করার, কিন্তু এখন পর্যন্ত মাত্র ৫০ জন পাওয়া গেছে।
