হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলের মালামাল চুরি করে পালানোর সময় দুই চোরকে মালামালসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। স্কুলের শিক্ষক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে হোসেনপুর পৌরসদরের বাজার এলাকার ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমের জানালা ভেঙে ও টিনের চালের নিচ দিয়ে প্রবেশ করে কয়েকজন চোর। তারা সেখান থেকে স্টিলের মই, ফ্যান, ইনডাকশন কুকার, লোহার বেঞ্চসহ দামী শিক্ষা উপকরণ চুরি করে অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিল।
এ সময় স্কুলসংলগ্ন স্টাফ কোয়ার্টারে থাকা সহকারী শিক্ষিকা খাইরুন নাহার রাস্তায় হাঁটার সময় অটোরিকশায় মালামাল দেখে সন্দেহ হলে তিনি প্রধান শিক্ষিকা তানিয়া পারভীনকে বিষয়টি জানান। প্রধান শিক্ষিকা দ্রুত স্থানীয়দের সঙ্গে নিয়ে চায়না ক্যাম্প এলাকার কাছ থেকে সাগর চন্দ্র (২৫) ও দুর্যয় সরকারকে মালামালসহ আটক করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মালামালসহ থানায় নিয়ে যায়। প্রধান শিক্ষিকা তানিয়া পারভীন বলেন, “এর আগেও একাধিকবার চোরেরা স্কুলে ঢুকে প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করেছে। হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস জানান, এ ঘটনায় থানায় একটি মামলা (নম্বর-৫, তারিখ: ১০/১১/২০২৫) দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
