রংপুরে ট্রেনের ৬ বগি লাইনচ্যুত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় প্রায় দুই হাজার যাত্রী নিয়ে চলা পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সারা দেশের সঙ্গে রংপুর বিভাগের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেনের সম্পূর্ণ এবং চার জেলার আংশিক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগাছা স্টেশন থেকে লালমনিরহাটগামী ট্রেনটি লাইন পরিবর্তনের পর প্রায় ৩০০ গজ অতিক্রম করার পরই লাইনচ্যুত হয়। ঘটনার পর স্থানীয়রা সেখানে ভিড় জমায়।অনেক যাত্রী অভিযোগ করেছেন, লাইনচ্যুতির সময় তাদের মালামাল খোয়া গেছে।স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টায় সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছায়।

বিরতির পর যাত্রা শুরু করলে আউটার সিগনাল এলাকায় লাইন সেপারেটরের প্লেট ভেঙে যায়। এতে ইঞ্জিনের পেছনের তৃতীয় বগি থেকে শুরু করে মোট চারটি বগি লাইনচ্যুত হয়। সৌভাগ্যক্রমে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তিনি আরও জানান, এই দুর্ঘটনার কারণে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেসসহ দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর কমিউটার ও নাইনটিন আপ-ডাউনসহ সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

উদ্ধারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই রুটে কোনো ট্রেন চলবে না।ফলে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার সম্পূর্ণ এবং নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার আংশিক যাত্রীরা সিডিউল অনুযায়ী গন্তব্যে পৌঁছাতে পারছেন না।দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে লালমনিরহাট থেকে রিলিফ ট্রেন ইতিমধ্যেই রওনা দিয়েছে।