নিজস্ব প্রতিনিধি:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সহিংসতায় নিহতদের মরদেহ তাদের স্বজনেরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তবে প্রয়োজন হলে ওই মরদেহগুলো কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, গোপালগঞ্জের ঘটনায় যারা আহত হয়ে পরে ঢাকায় মারা গেছেন, তাদের মধ্যে একজনের ময়নাতদন্ত ইতোমধ্যে করা হচ্ছে। প্রয়োজনে অন্যদের ক্ষেত্রেও আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তিনি আরও বলেন, গোপালগঞ্জের এই ঘটনায় প্রশাসনের কোনও গাফিলতি ছিল কি না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টার্মিনাল চালুর জন্য ইমিগ্রেশনে প্রয়োজনীয় জনবল নিয়ে খোঁজখবর নিয়েছি। তবে এটি কবে চালু হবে, সে বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই।
