নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জানা গেছে, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল। তবে রানওয়ে থেকে উড্ডয়ন শুরুর সময় প্লেনটি হঠাৎ সমস্যার মুখে পড়ে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের এই ফ্লাইটে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে দ্রুত প্লেন থেকে বের হয়ে আসছেন এবং প্লেনের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কাউকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি। তবে একজন যাত্রীকে হালকা আঘাতের কারণে হাসপাতালে নেওয়া হয়।
আমেরিকান এয়ারলাইনস জানায়, উড্ডয়নের আগে প্লেনটির একটি চাকার যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, যার ফলে এটিকে রানওয়েতে থামাতে হয়। পরে প্লেনটিকে পরিদর্শনের জন্য বাইরে রাখা হয়েছে। বিকেলে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এয়ারলাইনস আরও জানায়, যাত্রীদের একই দিন সন্ধ্যায় বিকল্প ফ্লাইটে মিয়ামি পাঠানো হবে।
এ ঘটনার কারণে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাত পর্যন্ত অন্তত ৩০৬টি ফ্লাইট বিলম্বিত হয়। দুপুর ২টা থেকে ৩টার মধ্যে সাময়িকভাবে আগত ফ্লাইটগুলোর জন্য গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। তবে বর্তমানে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসেও আমেরিকান এয়ারলাইনসের আরেকটি ফ্লাইট ইঞ্জিনে ত্রুটির কারণে ডেনভারে জরুরি অবতরণ করেছিল।
সূত্র: সিবিএস
