নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পদে আবারও নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। দলের অভ্যন্তরীণ নির্বাচনে সদস্যদের (রুকন) ভোটে সর্বাধিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।রোববার (২ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার রাতে দলটির অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্য (রুকন)দের ভোটে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল প্রকাশ করেন, যেখানে ডা. শফিকুর রহমান সর্বাধিক ভোটে আবারও আমির নির্বাচিত হন।
