সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে: নুর

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় অতীতে এ দেশে বহু ‘কিংস পার্টি’ তৈরি হয়েছিল, আবার সময়ের ব্যবধানে সেগুলো বিলীনও হয়েছে। বর্তমান সরকারও একটি নির্দিষ্ট দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, যা শুধু গণঅধিকার পরিষদ নয়, বরং দেশের বেশিরভাগ রাজনৈতিক মহল এবং সাধারণ নাগরিকদেরই মত।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে আয়োজিত ‘গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশ শেষে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, “আমরা বারবার সরকারকে সতর্ক করে দিয়েছি—যদি সরকার নিরপেক্ষভাবে আচরণ করতে ব্যর্থ হয়, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে।”

ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, “মাইলস্টোনের ঘটনা ঘিরে স্বৈরশাসকদের সহযোগীরা ঢাকার রাজপথে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। তার অংশ হিসেবে তারা কিছু শিক্ষার্থীকে উসকে দিয়ে সচিবালয়ের দিকে নিয়ে যায় এবং সেখানে হামলা ও ভাঙচুর করে। এর মাধ্যমে সরকারের দুর্বলতা ও প্রশাসনিক ব্যর্থতা প্রকাশ পেয়েছে।”

তিনি আরও বলেন, “যদি সরকার সচিবালয়ের মতো সংবেদনশীল ও নিরাপদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে—এ নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হওয়াই স্বাভাবিক।”

সমাবেশে নুরুল হক নুর কুমিল্লার পাঁচটি আসন থেকে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের পরিচয় তুলে ধরেন।