নিজস্ব প্রতিনিধি:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায়বিচার নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (১৭ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ আশা ব্যক্ত করেন।তিনি লেখেন, “ঢাকায় কয়েক ঘণ্টার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে। আমি আশা করি আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে একটি ন্যায্য বিচার নিশ্চিত হবে।

পুরো জাতি অপেক্ষায় রয়েছে।”এদিকে, রায় ঘোষণার পরপরই জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্ট এলাকা চার বাহিনীর (সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাব) কড়া নিরাপত্তাব্যবস্থার আওতায় রাখা হয়েছে। আদালতপাড়ার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে কঠোর তৎপর অবস্থানে রয়েছেন নিরাপত্তাকর্মীরা।—
