যাদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন হাসনাত আবদুল্লাহ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য একটি পরিকল্পনা চলছে। তিনি বলেছেন, তাকে আসন ভাগাভাগির একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, যার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, কীভাবে আওয়ামী লীগকে পুনরায় সক্রিয় করার কৌশল নেওয়া হচ্ছে। তার ভাষ্যমতে, এই পরিকল্পনার মূল পেছনে রয়েছে ভারত, এবং সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, ও তাপসকে সামনে রেখে এর বাস্তবায়ন চেষ্টা চলছে।

তিনি জানান, একাধিক রাজনৈতিক দলকে এ প্রস্তাব দেওয়া হয়েছে, এবং তারা শর্তসাপেক্ষে এতে সম্মতি জানিয়েছে। তবে তিনি ও তার দল এটি প্রত্যাখ্যান করেছেন। প্রস্তাব অনুযায়ী, এপ্রিলে বা মে মাসে একটি বিশেষ দল শেখ পরিবারের বিরুদ্ধে অবস্থান নেবে, শেখ হাসিনাকে অস্বীকার করবে এবং “বঙ্গবন্ধুর আওয়ামী লীগ” পুনর্গঠনের প্রতিশ্রুতি দেবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা এই পরিকল্পনার ঘোর বিরোধিতা করেছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন যে, আওয়ামী লীগের পুনর্বাসন নয়, বরং তাদের বিচারের ব্যবস্থা করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই এবং এই বিষয়ে কোনো আপস সম্ভব নয়।

তার ভাষায়, “আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ৫ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। বরং তাদের নিষিদ্ধ করতেই হবে।”