মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৬ জন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আবারও বড় পরিসরের বিশেষ অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ‘মিনি পাকিস্তান’ নামে পরিচিত চৌ কিট এলাকায় পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশিকে আটক করা হয়েছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতের এ অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল), কেপিডিএন এবং রয়েল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেয়।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এ অভিযানের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।প্রায় ৭০০ মিটার এলাকা জুড়ে পরিচালিত এ অভিযানে রেস্তোরাঁ, হোটেল ও খুচরা দোকানসহ মোট ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। প্রায় ৪০০ জনকে যাচাই-বাছাই করার পর বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ১৯৬ জনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, জর্ডান, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক।

তবে কোন দেশের কতজন আটক হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।এছাড়া অভিযানে তিনজন মালয়েশিয়ান নাগরিককেও আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ আনা হয়েছে। ইমিগ্রেশন পরিচালক জানান, বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগানো হচ্ছিল। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং সংশ্লিষ্ট বিধির অধীনে মামলা করা হয়েছে।

অভিযোগগুলোর মধ্যে রয়েছে—অবৈধভাবে বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার এবং কর্ম পারমিটের অপব্যবহার।ওয়ান মোহাম্মদ সৌপি জানান, এ ধরনের অভিযানের মাধ্যমে রাজধানীতে গড়ে ওঠা তথাকথিত ‘মিনি পাকিস্তান’-এর মতো এলাকাগুলো কঠোরভাবে নজরদারিতে রাখা হবে। পাশাপাশি তিনি স্থানীয়দের অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।