মাটির নিচে লুকানো লুটের পাথর, দুই দিনে উদ্ধার এক লাখ ঘনফুট।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

সিলেটের ভোলাগঞ্জের ‘সাদাপাথর’ এলাকা থেকে চুরি হয়ে যাওয়া বিপুল পরিমাণ পাথর মাটির নিচে গোপনে রাখা হয়েছিল। জেলা প্রশাসনের টানা অভিযানে মাত্র দুই দিনেই উদ্ধার হয়েছে প্রায় এক লাখ ঘনফুট পাথর।শুক্রবার (১৫ আগস্ট) কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় বিপুল পাথর উদ্ধার করে জেলা প্রশাসন।

উদ্ধার হওয়া পাথরের মধ্যে সাত ট্রাক ইতোমধ্যেই সাদাপাথরে ফিরিয়ে দেওয়া হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যা শনিবার পর্যটন এলাকায় প্রতিস্থাপন করা হবে।এর আগে, বুধবার গভীর রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চলা অভিযানে কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে আরও ৪৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাসুদ রানা জানান, উদ্ধারকৃত পাথরের অর্ধেক ইতোমধ্যে সাদাপাথরে ফেলা হয়েছে, বাকি অংশ ফেরত পাঠানোর কাজ চলছে।জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল) আশিক কবির জানান, স্থানীয় কিছু ক্রাশার মালিক মাটির নিচে পাথর মজুত করেছিলেন। কলাবাড়ি থেকে উদ্ধার হওয়া এই বিপুল পাথর এখন একে একে পর্যটন এলাকায় ফিরিয়ে আনা হচ্ছে।