ভোলার মনপুরায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

লেখক: মোঃ হোসেন
প্রকাশ: ১০ মাস আগে

ভোলা- মনপুরা প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও মনপুরা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আব্দুল মতিন ফয়েজি হুজুরের ২ বছর বয়সী ছেলে হুজাইফা অদ্য বিকাল আনুমানিক ২:৩০ মিনিটে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যদের অলক্ষ্যে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশু হুজাইফাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় ফয়েজি হুজুরের পরিবারে চলছে শোকের মাতম। নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা।বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো পানিতে ডুবে যাওয়া।

অসাবধানতা এবং অভিভাবকদের সামান্য গাফিলতিতেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার ওপর জোর দিয়েছেন। বাড়ির আশেপাশে খোলা পুকুর, ডোবা বা বালতি ভর্তি পানির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন তারা। শিশুদের সব সময় নজরে রাখা এবং প্রয়োজনে বাড়ির চারপাশে বেড়া বা সুরক্ষা বেষ্টনী তৈরির কথা বলেছেন তারা।ভোলার মনপুরায় এই ঘটনা আবারও প্রমাণ করে যে শিশুদের পানিতে ডুবে যাওয়া রোধে সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যাপক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।