নিজস্ব প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। এর ফলে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে আবারও ভাঙন দেখা দিয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে সেন্টমার্টিনের সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ।শুক্রবার (২৫ জুলাই) সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে অন্তত ১০টি স্থানে ভাঙনের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ও ঝোড়ো হাওয়া বইছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া অমাবস্যা ও নিম্নচাপের যৌথ প্রভাবে উপকূলীয় অঞ্চলে ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুপ্রবাহজনিত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।স্থানীয়রা জানান, ভাঙনের কারণে অন্তত দুই হাজার পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে। এ ছাড়া চাষযোগ্য জমিও হুমকির মুখে পড়েছে।
এর আগেও ২০২৩ সালের আগস্ট এবং চলতি বছরের মে মাসে একই এলাকায় ভাঙনের ঘটনা ঘটেছিল।এদিকে, টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে যাত্রীবাহী সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপের নৌচলাচলেও অতিরিক্ত সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন আরও জানিয়েছেন, মেরিন ড্রাইভে ভাঙনের বিষয়টি জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
