ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আসছে, উপকূলজুড়ে জারি বিশেষ সতর্কতা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তিশালী হয়ে উঠছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে, এটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে।আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ১৩.৯° উত্তর অক্ষাংশ ও ৮৩.৫° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।

গতকাল সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২৬০ কিলোমিটার, মোংলা থেকে ১১৬৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আজ সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি সমুদ্র খুবই উত্তাল রয়েছে।এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সমুদ্রে না যেতে কড়া নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।