নিজস্ব প্রতিনিধি:
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, তবে কিছু বিভাগে বেশি এবং কিছু বিভাগে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) এ তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) খুলনা ও ভোলায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, যেখানে ভোলায় সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, রংপুর ও ঢাকার কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। বর্তমানে একটি লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। আগামী জুলাই মাসে সারাদেশে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
আজকের পূর্বাভাস (বৃহস্পতিবার):আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় (৫০-৭৫% এলাকা) এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় (২৬-৫০% এলাকা) অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামীকালের পূর্বাভাস (শুক্রবার):আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, আগামীকাল শুক্রবার বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
