নিজস্ব প্রতিনিধি:
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবারই প্রথম নারী কোটা বাতিল করা হয়েছে, যার ফলে প্রায় ৩০ হাজার শিক্ষক পদ নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন।সোমবার (১৬ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তির ৩ নম্বর ক্রমিকের ‘আবেদনকারীর যোগ্যতা’ অংশে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ১৫ মে ২০২৫ তারিখের শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী কোনো নারী কোটা থাকবে না।এই গণবিজ্ঞপ্তিতে মোট ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি পদ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০টি পদে শিক্ষক নিয়োগ করা হবে।আগের পাঁচটি গণবিজ্ঞপ্তিতে শহর অঞ্চলে ৪০ শতাংশ এবং মফস্বলে ২০ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষিত ছিল। এসব পদে যোগ্য নারী প্রার্থী না পাওয়ায় অনেক পদ শূন্য থেকে যেত। নারী কোটা বাতিলের ফলে এবার সেই সমস্যা থাকবে না, এবং ৩০ হাজার পদ নারী-পুরুষ উভয়ের জন্য উন্মুক্ত হওয়ায় নিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।আবেদন প্রক্রিয়া ২২ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই।বয়সের ক্ষেত্রে, ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন থেকে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। সনদের মেয়াদও নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর ধরা হয়েছে। একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দের তালিকা দিতে পারবেন। আবেদন ফি ১ হাজার টাকা, যা এনটিআরসিএ এবং টেলিটকের ওয়েবসাইটে জমা দেওয়া যাবে। ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
