লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার সাংবাদিকদের তিনি জানান, বেগম জিয়ার বিভিন্ন নতুন পরীক্ষা নিরীক্ষা চলছে। তিনি পারিবারিক পরিবেশে থাকায় মানসিকভাবে বেশ ভালো রয়েছেন। ৮ তারিখে লন্ডনে আসার পর থেকে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।
ডা. জাহিদ আরও বলেন, বর্তমানে কোন কোন রোগের বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বা কী কী পরীক্ষা করা হচ্ছে, তা এখনই বলা সম্ভব নয়। তবে খ্যাতনামা নেফ্রোলজিস্ট জেনিফার ক্লোজ এবং কার্ডিওলজিস্ট ড. রটসন তার চিকিৎসা পরিচালনা করছেন।
তিনি আরও জানান, বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম সোমবারের মধ্যে বৈঠক করতে পারে। আপাতত তাকে অন্য কোনো দেশে নেওয়ার পরিকল্পনা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে, বেগম জিয়ার চিকিৎসার সময়সীমা আরও বাড়ানো হতে পারে, এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। বেগম জিয়ার সঙ্গে সময় কাটাচ্ছেন তার দুই পুত্রবধূ ও তিন নাতনি। এ ছাড়া তার চিকিৎসা ও সার্বিক বিষয় তত্ত্বাবধান করছেন তারেক রহমান নিজেই।
