বিয়েবাড়িতে চেতনানাশক স্প্রে, অচেতন করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট!

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে এক বিয়েবাড়িতে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে উপজেলার কুসুম্বি উত্তরপাড়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই রাতে আব্দুস সামাদের ছেলের বৌ-ভাত অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। পরে তারা আলমারি ও ট্রাঙ্ক ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও কাপড়সহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।

পরদিন সকালে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ডেকে ঘরে প্রবেশ করেন এবং সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, গভীর রাতে চেতনানাশক ব্যবহার করে সুচিন্তিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে।

ওসি জিয়াউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”