নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুর মতলব উত্তরে খাল খননের কাজ শেষ করে বরাদ্দের অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।বিষয়টি প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
উপজেলা পিআইও অফিস সূত্রে জানা যায়, সরকার মতলব উত্তর উপজেলার মুন্সিরকান্দি-লবাইরকান্দি সেতু থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা সেতু পর্যন্ত ৩.৫ কিলোমিটার খাল খননের জন্য ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা বরাদ্দ দেয়। তারমধ্যে ১ কোটি ৬০লাখ ৯ হাজার ৬৪৩ টাকা খরচ করা হয়েছে। খাল খনন কাজ শেষ অবশিষ্ট ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।
প্রশাসনিক স্বচ্ছতা ও সরকারি অর্থের সঠিক ব্যবহারের ইউএনও মাহমুদা কুলসুম মনির এমন পদক্ষেপের জন্য সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রশংসায় ভাসছেন তিনি।স্থানীয়রা বলেন, প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত নগদ টাকা কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা বিরল। খাল খননের মাধ্যমে কৃষিজমিতে সেচ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষার পানি নিষ্কাশন সহজ হবে।
একই সঙ্গে স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। খালটির দুপাশে গাছের চারা রোপণ করায় এক নান্দনিক পরিবেশ সৃষ্টি হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, “সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও নিয়মিত তদারকি থাকলে নির্ধারিত বাজেট থেকেও সাশ্রয়ীভাবে মানসম্মত কাজ সম্পন্ন করা সম্ভব। আমরা সেই চেষ্টাই করেছি। সরকারি অর্থ মানেই জনগণের আমানত। জনগণের টাকা জনগণের কাছে এবং রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।”
