আবহাওয়া ডেস্ক:
আজ থেকেই দেশের উপকূলীয় কিছু কিছু জেলার মাধ্যমে নতুন করে বৃষ্টিপাতের প্রবণতা শুরু হতে যাচ্ছে, যা পর্যায়ক্রমে দেশের অধিকাংশ অঞ্চলে বিস্তার লাভ করবে। ১৮ থেকে ২৩ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের প্রায় ৩২টি জেলায় দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং কোথাও কোথাও আকস্মিক ঝড়ের আশঙ্কা রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেসরকারি আবহাওয়া সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড’ (বিডব্লিউওটি)-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টির মূল প্রভাব থাকতে পারে। এ সময়ের মধ্যে সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ি, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের জেলাগুলোতে দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।
এসব অঞ্চলের কিছু কিছু স্থানে দমকা বাতাসসহ সাময়িক ভারী বর্ষণ এবং অনুকূল পরিবেশের কারণে কোথাও কোথাও আকস্মিক ঝড়ের সম্ভাবনাও রয়েছে।অন্যদিকে, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে দমকা বাতাসসহ মাঝারি ধরনের কয়েক দফা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের উত্তরাঞ্চলের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে।তবে আগামী কয়েকদিন দেশের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে। রংপুর বিভাগে একেবারেই যে বৃষ্টি হবে না তা নয়, সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কী পরিমাণ বৃষ্টি হবে তা মেঘ তৈরি হওয়ার পর আরও স্পষ্টভাবে বোঝা যাবে বলে জানিয়েছে বিডব্লিউওটি।এসআর/এমএন
