ডেস্ক রিপোর্টঃ
দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই কার্যক্রমের সূচনা হয়। দেশের বিদ্যুৎ উৎপাদন খাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এই পরীক্ষামূলক সংযোগকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ টানা ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থা কতটা কার্যকর ও স্থিতিশীলভাবে কাজ করছে, তা পরীক্ষা করে দেখা হবে।প্রথম ধাপের পরীক্ষা শেষ হলে কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করা হবে। দ্বিতীয় দফায় বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কারিগরি ও পরিচালনগত বিষয় যাচাই করা হবে।
পরীক্ষার পুরো সময়জুড়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন-জেনারেটরের সক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞরা।সব ধরনের কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পাওয়ার পর আবারও জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করে পরবর্তী পর্যায়ের বিদ্যুৎ সরবরাহ পরীক্ষা শুরু হবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, প্রায় ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম ইউনিটটি প্রাথমিকভাবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট বা প্রজ্ঞাপন জারির মাধ্যমে পরিচালন সংস্থা হিসেবে এনপিসিবিএল দায়িত্ব গ্রহণ করবে।উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ফলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ উৎপাদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
