কিশোরগঞ্জ-ভালুকা মহাসড়কে ট্রাক-অটো সংঘর্ষে নিহত ২, আহত ৩ ।

লেখক: Tushar Imran
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জ-ভালুকা মহাসড়কের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচভাগ মোড়ের নিকট সোমবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশা গফরগাঁও থেকে হোসেনপুরের দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাছবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় চারজনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও একজন মারা যান।

নিহতদের মধ্যে ঘটনাস্থলে মারা যান ইকবাল হোসেন (৪৮), তিনি পাগলা থানার টাঙ্গাবন ইউনিয়নের বামনখালী বাজার এলাকার বাসিন্দা এবং একজন ব্যবসায়ী ছিলেন। হাসপাতালে মারা যান মিনারুল ইসলাম ওয়াসিম (২৫), যিনি পাগলা থানার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।গুরুতর আহত আরও তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ও ঢাকায় পাঠানো হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনার বিষয়ে পাঁচভাগ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মান্নান বলেন, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।”এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।