নিজস্ব প্রতিনিধি:
বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে অন্তর্বর্তীকালীন সরকার চার বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে ধরা হচ্ছে। গতকাল রোববার (২৭ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের দেওয়া ঋণের সুদ ও আসল মিলে মোট ৪.০৮৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।
এর মধ্যে আসল ঋণ পরিশোধ করা হয়েছে ২.৫৯৫ বিলিয়ন ডলার এবং সুদ পরিশোধ করা হয়েছে ১.৪৯ বিলিয়ন ডলার। এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে পরিশোধের পরিমাণ ছিল ৩.৩৭ বিলিয়ন ডলার।তবে ঋণ পরিশোধের পরিমাণ বাড়লেও বৈদেশিক ঋণ ছাড় এবং নতুন ঋণের প্রতিশ্রুতি কমেছে। ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক ঋণ ছাড় এসেছে ৮৫৬ কোটি ৮৪ লাখ ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৬.৬৮ শতাংশ কম।
একই সময়ে নতুন ঋণ ও সহায়তার প্রতিশ্রুতি এসেছে ৮৩২ কোটি ৩৩ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ হ্রাস পেয়েছে।
