নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসের ওপরই বিমানটি আছড়ে পড়ে।
সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। দুর্ঘটনার পর পরই পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান জানান, আহত চারজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন—বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদের ওপর পড়ে।
মাইলস্টোন কলেজের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। এতে কলেজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
