তিন দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

সোমবার (১১ আগস্ট) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।এই সফরে অভিবাসন ও বিনিয়োগ ইস্যু গুরুত্ব পাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর।

এ সময় বেশ কিছু সমঝোতা স্বাক্ষর হবে, যা মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে আরও গভীর করবে। সফরের মূল ফোকাস হবে অভিবাসন ও বিনিয়োগ।তিনি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, মালয়েশিয়া আমাদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি গ্রহণ করুক। এই বিষয়ে আলোচনা হবে এবং কিছু চুক্তি সই হবে। এছাড়া মালয়েশিয়ার বড় বড় কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গেও বৈঠক হবে।শফিকুল আলম আরও জানান, ১২ আগস্ট একটি ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হবে।

১৩ আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে, যেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া ১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে, যা দুই দেশের সুসম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।