নিজস্ব প্রতিনিধি:
ঢাকায় সফররত চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও জানিয়েছেন, চীন কৃষি, পাট এবং সামুদ্রিক মৎস্য আহরণ ও গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে প্রস্তুত।রবিবার ঢাকায় ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন’-এ চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বড় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ওয়েনতাও। এরপর তিনি ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের উদ্দেশে তিনি বলেন, “যেসব চীনা কোম্পানি আমার সঙ্গে এসেছে, তারা খুবই উৎসাহিত। বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের যে দিকনির্দেশনা আপনি দিয়েছেন, তা প্রশংসনীয়। এসব কোম্পানি আমাকে বলেছে, আপনার উদ্যোগ দেখে তারা এখন বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী।”বাংলাদেশের ক্রমবর্ধমান ভোক্তা বাজার এবং সম্ভাবনাবাংলাদেশে ক্রমবর্ধমান ভোক্তাবাদ প্রসঙ্গে চীনা মন্ত্রী জানান, রাত ১০টার পরও বিপণিবিতানে ক্রেতাদের উপস্থিতি তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আভাস রয়েছে।জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গ্রামাঞ্চলে এখনো বিপুল সম্ভাবনা অনাবিষ্কৃত রয়ে গেছে, বিশেষ করে কৃষি এবং গভীর সমুদ্র ও নদীভিত্তিক মাছ চাষে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “চীনের সহযোগিতায় বাংলাদেশের প্রতিটি গ্রামকেই একটি উৎপাদন ইউনিটে রূপান্তর করা সম্ভব।”এ প্রসঙ্গে চীনা মন্ত্রী বলেন, “আমরা জানতে আগ্রহী, কৃষির কোন কোন খাতে পূর্ণমাত্রায় সহযোগিতা সম্ভব।” তিনি চাষের জমি উন্নয়ন, পানি সংরক্ষণ ও আধুনিক চারা রোপণ প্রযুক্তির কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, “আমার দৃষ্টিতে কৃষি শুধুই একটি শিল্প নয়, বরং এটি একটি সামাজিক সংগঠনের রূপ।”মৎস্য ও পাট খাতে সহযোগিতামাছ ও সামুদ্রিক অর্থনীতি প্রসঙ্গে ওয়েতাও চীনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বাংলাদেশের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চান। তিনি বলেন, “গভীর সমুদ্রে মাছ ধরার প্রযুক্তিতে চীন বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করছে।
“পাট প্রসঙ্গে তিনি বলেন, চীন প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১০ কোটি মার্কিন ডলারের পাট আমদানি করে, যা বাংলাদেশের মোট পাট রপ্তানির প্রায় ১০ শতাংশ। গবেষণা ও পণ্যের বৈচিত্র্য আনতে পারলে এর পরিমাণ বহুগুণ বাড়তে পারে। তিনি আরও যোগ করেন, “আপনার বক্তব্যের পরপরই চীনা পাট ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে যে, তারা বাংলাদেশের পাট পণ্য নিয়ে গবেষণা শুরু করবে।”চীনা মন্ত্রী বলেন, “আমাদের সহযোগিতা কেবল ব্যবসা পর্যায়ে সীমাবদ্ধ থাকা উচিত নয়। গবেষণাতেও যৌথভাবে কাজ করা উচিত। যদি বাংলাদেশ এই গবেষণায় অংশ নেয়, তাহলে পাট চীনের জন্য একটি উপযুক্ত পণ্য হবে বলে আমি বিশ্বাস করি।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের পাটপণ্য ডিজাইনাররা চীনা বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারেন।সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকারঅধ্যাপক ইউনূস চীনা মন্ত্রীর এই আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ অবস্থানের প্রশংসা করেন এবং চীনকে বাংলাদেশের পাশে বন্ধুর মতো থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি চীনা মন্ত্রীর উদ্দেশে বলেন, “আপনার কথা আমার কানে সংগীতের মতো শোনায়।” তিনি চীনা মন্ত্রীর উষ্ণ ভাষণ এবং বড়সংখ্যক চীনা বিনিয়োগকারী নিয়ে আসার জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আপনার ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এত বেশি বিনিয়োগকারী এসেছেন, যা আমাদের জন্য একটি ভালো বার্তা — পুরো জাতি এটি লক্ষ্য করেছে।”তিনি তার সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে বলেন, সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে বাণিজ্য ও ব্যবসা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের সফরের সময় অনেক আন্তরিক আলোচনা হয়েছে। আপনার সফর এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে।
“সূত্র: বাসস
