রাজধানীর বনশ্রীতে চার বছর আগে সংঘটিত ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৯ মার্চ), ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন। রায়ের সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, যা পরিশোধ না করলে অতিরিক্ত ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা জারি করে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালে রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় এক বাসার নিরাপত্তাকর্মী সাইফুল ইসলামের ৭ বছরের মেয়ে আরবি পড়তে গেলে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম ওয়াশরুমে নিয়ে দরজা বন্ধ করে তার ওপর নির্যাতন চালায়। এ ঘটনায় শিশুটির পরিবার খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন রায়ের প্রতিক্রিয়ায় জানান, ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার পেয়েছে। তিনি আরও বলেন, ধর্ষকদের কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইমরান হোসেন এই রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তারা উচ্চ আদালতে আপিল করবেন।
