অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রে আটক মার্কিন নাগরিক

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশে বিদ্যমান সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এ আদেশ দেন।এর আগে রমনা মডেল থানার উপ-পরিদর্শক মো. আজিজুল হাকিম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

তবে আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আগামী ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।রমনা থানায় করা সাধারণ ডায়েরির তথ্যমতে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়া এলাকায় একটি প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এনায়েত করিম চৌধুরী। পুলিশ তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। পরে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে দুটি আইফোন জব্দ করা হয়।

প্রাথমিক বিশ্লেষণে ফোন থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নানা গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ৬ সেপ্টেম্বর সকালে কাতার এয়ারওয়েজে করে নিউইয়র্ক থেকে ঢাকায় আসেন। তিনি এক বিদেশি গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট হিসেবে কাজ করছেন এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রয়েছে বলে দাবি করেন। তিনি জানান, বাংলাদেশে এসে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছেন।এনায়েত করিম আরও জানান, ঢাকায় এসে ৬ ও ৭ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন এবং পরে গুলশানের একটি বাসায় ওঠেন।

এ সময় তিনি সরকারি নীতি নির্ধারক, উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন।তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারিয়েছে। তার বক্তব্য অনুযায়ী, আগামী ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় প্রত্যাহার করবে এবং পরবর্তীতে সেনাবাহিনী সমর্থিত জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এই সরকারে কারা থাকবেন, কে হবেন সরকার প্রধান—এসব যুক্তরাষ্ট্র ঠিক করে দেবে বলে জানান তিনি।

এছাড়া, তিনি স্বীকার করেন যে তিনি সরকারি ও বেসরকারি শীর্ষ কর্মকর্তাদের অবস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে তা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দিতেন।মামলায় অভিযোগ করা হয়, এনায়েত করিম চৌধুরী বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশের বৈধ অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, যা দেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আইন অনুযায়ী গুরুতর অপরাধ।