গোপালগঞ্জে তিন মামলায় আসামি করা হয়েছে ২,৬০০ জন, গ্রেপ্তার ১৬৭।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় মোট ২,৬০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।শনিবার (১৯ জুলাই) গোপালগঞ্জ সদর, মুকসুদপুর ও কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য জানান।এই তিনটি মামলায় এবং সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে মোট ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ সদর থানা থেকে ৪৮ জন, মুকসুদপুর থেকে ৬৬ জন, কাশিয়ানী থেকে ২৪ জন, টুঙ্গিপাড়া থেকে ১৭ জন এবং কোটালীপাড়া থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গত বুধবার গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমানের নেতৃত্বে একদল লোক জড়িত ছিল বলে জানা গেছে। এই ঘটনায় পুলিশের পরিদর্শক আহম্মেদ আলীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।তিনি আরও জানান, সদর থানায় গ্রেপ্তার হওয়া ৪৮ জনকে শুক্রবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের খোঁজে শুক্রবার অনেক স্বজন সদর থানার সামনে জড়ো হন। তাদের মধ্যে ছয়টি পরিবার অভিযোগ করে যে, তাদের শিশু সন্তানদেরও আটক করা হয়েছে।গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) ড. রুহুল আমিন সরকার বলেন, সন্দেহভাজনদের ব্যাপারে যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ মিলছে, শুধু তাদেরই গ্রেপ্তার দেখানো হচ্ছে।