কচুয়া উপজেলা প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া শাসিয়াখালী ইউনিয়নে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। অপহরণ সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে এই হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনাটি ঘটে সোমবার দুপুর ২টার দিকে। অভিযোগ রয়েছে, স্থানীয় যুবক রবিউল ইসলাম (২৪) এর নেতৃত্বে একটি কিশোর গ্যাং এই হামলা চালায়। আহতদের মধ্যে রয়েছেন মোঃ রাকিব (২২), রিয়াদ হাজী (২২), আল-আমিন শেখ (৩০), সুজন ব্যাপারী (৩৮), রাফি আমিন (১৬) ও শরীফ পাটোয়ারী (২৮)। হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়াদ ও শরীফের অবস্থা গুরুতর।ভুক্তভোগী রিয়াদ জানান, “গত রাতে একটি অপহরণ সংক্রান্ত ঘটনায় ভিকটিমের সঙ্গে কিছু কথাকাটাকাটি হয়। আজ রবিউল আমাদের ‘দরবারে’ ডেকে নেয়। আমরা সরল বিশ্বাসে গেলে, বৃষ্টির কারণে এক দোকানে আশ্রয় নিই। তখনই ১০০-২০০ জনের একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং দেশীয় অস্ত্রসহ আমাদের উপর অতর্কিতে হামলা চালায়।”তিনি আরও জানান, হামলাকারীদের হাতে ছিলো রামদা, লোহার রড ও একটি পিস্তল, যা দিয়ে তারা আতঙ্ক সৃষ্টি করে।স্থানীয়দের অভিযোগ, এ কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তাদের পেছনে রাজনৈতিক আশ্রয় রয়েছে বলেও অভিযোগ উঠেছে।পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে কাজ চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
