পাকিস্তানে বন্যায় ১৪০ শিশুসহ ২৯৯ জনের প্রাণহানি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে জুন মাসের শেষ দিকে শুরু হওয়া টানা ভারি বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জন, যার মধ্যে ১৪০ জন শিশু রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)

রাষ্ট্রীয় মালিকানাধীন পিটিভি-এর খবরে বলা হয়েছে, চলমান মৌসুমি বৃষ্টিপাত দেশব্যাপী বিপর্যয় সৃষ্টি করেছে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাত হয়, যা একদিকে যেমন গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে মুক্তি দেয় ও পানির ঘাটতি মেটায়, তেমনি অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও ঘনবসতিপূর্ণ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য হয়ে ওঠে বড় ধরনের বিপদ।

NDMA-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ জুন থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে ৭১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৩৯ জন শিশু, ২০৪ জন নারী এবং ২৭২ জন পুরুষ

সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১,৬৭৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫৬২টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বৃষ্টির সময় ৪২৮টি গবাদিপশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এদিকে, পাকিস্তান আবহাওয়া বিভাগ (PMD) সতর্ক করে বলেছে, আগামী সপ্তাহে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। তারা প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষজেলা প্রশাসনকে শহরাঞ্চলে সম্ভাব্য বন্যার বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে।

এ পরিস্থিতিতে পাকিস্তানজুড়ে উদ্বেগ বেড়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।