নিজস্ব প্রতিনিধি:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যেতে পারেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের দুটি টেলিভিশন চ্যানেল ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য প্রচার করেছে।প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই সফর নিশ্চিত হলে, তা হবে প্রায় দুই দশক পর কোনো মার্কিন প্রেসিডেন্টের পাকিস্তান সফর। এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফর করেছিলেন।টেলিভিশন চ্যানেল দুটির দাবি অনুযায়ী, ট্রাম্প ইসলামাবাদ সফরের পর ভারতেও যাবেন।সম্প্রতি ওয়াশিংটনের হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এক ব্যতিক্রমধর্মী বৈঠক হয়, যা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে।
তবে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফরসূচি নিয়ে ঘোষণা দেওয়ার মতো কোনো তথ্য তাদের কাছে নেই। প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত তথ্য কেবল হোয়াইট হাউস থেকেই পাওয়া যাবে।এদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।উল্লেখ্য, চলতি বছর ভারত কোয়াড জোটের শীর্ষ সম্মেলনের আয়োজক হলেও এখনো সম্মেলনের নির্ধারিত তারিখ ঘোষণা করা হয়নি। কোয়াড হলো যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের সমন্বয়ে গঠিত একটি কৌশলগত জোট, যার উদ্দেশ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করা।
