কাতারের কাছে ক্ষমা চাইল ইসরাইল।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।

হোয়াইট হাউস থেকে জানানো হয়, আলোচনার শুরুতেই নেতানিয়াহু গভীর অনুতাপ প্রকাশ করে বলেন— হামাসকে টার্গেট করে চালানো এ হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা নিহত হয়েছেন, যা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন। ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর আশ্বাসও দেন তিনি।নিজের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে নেতানিয়াহু লিখেন— “মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অভিযানে আপনার দেশের একজন নাগরিক নিহত হওয়ায় ইসরাইল আন্তরিকভাবে দুঃখিত।

আমি আশ্বস্ত করছি, আমাদের লক্ষ্য কেবল হামাস, কাতারের জনগণ নয়।”উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর দোহায় পরিচালিত ঐ হামলায় পাঁচজন হামাস সদস্যের পাশাপাশি এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। কাতারে এটিই ছিল ইসরাইলের প্রথম সামরিক হামলা। লক্ষ্য ছিল যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে আসা হামাসের শীর্ষ নেতারা, তবে তারা বেঁচে যান।অন্যদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দোহায় আবাসিক এলাকায় এই হামলার প্রতিক্রিয়া মোকাবিলায় যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা রাখছে। আলাপের শুরুতে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।