নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন যে, আসন্ন নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের প্রতিদ্বন্দ্বিতা হবে। তিনি আরও বলেন, যে যুবসমাজ ফ্যাসিবাদকে হটিয়েছে, আগামীতেও তারাই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে ভুল করবে না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) খুলনা ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।গোলাম পরওয়ার বলেন, জামায়াত যদি দেশসেবার সুযোগ পায়, তবে বেকার সমস্যার সমাধান করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য সব ধরনের পরিকল্পনা করবে। তিনি উল্লেখ করেন, ডুমুরিয়া-ফুলতলার প্রধান সমস্যা জলাবদ্ধতা, যার মূল কারণ হলো বিল ডাকাতিয়া। এই বিল ডাকাতিয়া নিয়ে একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হবে।তিনি আরও বলেন, ডুমুরিয়াকে একটি ব্যবসায়িক কেন্দ্রে (হাব) পরিণত করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের আমূল পরিবর্তনের জন্য গ্রহণযোগ্য পরিকল্পনা নেওয়া হবে। শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গেই তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। যাদের চাকরি দেওয়া সম্ভব হবে না, তাদের বেকার ভাতা দেওয়া হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হবে।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাই আমাদেরকে ফ্যাসিস্টমুক্ত বা দুর্নীতি-চাঁদাবাজমুক্ত দেশ গড়তে শেখায়নি, তবে এটি শিখিয়েছে কিভাবে আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়া যায়।’ তিনি বলেন, তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে অন্তত আগের ভুল আর করবে না, যাতে বাংলাদেশে পুনরায় কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। সাম্য ও বেকারমুক্ত দেশ গড়ার জন্য নতুন ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।
