ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় একদল নারী প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেন। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘নেশার আস্তানা গড়তে দেব না’, ‘ধূমপান বন্ধ করতেই হবে’ ইত্যাদি।

পরে স্থানীয় বাসিন্দারাও এই মিছিলে সংহতি জানিয়ে যোগ দেন। তারা জানান, সম্প্রতি একটি ছোট ঘটনার সুযোগ নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছে, এবং কিছু ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এছাড়া, লালমাটিয়া এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। তারা বলেন, বিভিন্ন বয়সী ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে, যা শিশু-কিশোরদেরও বিপথগামী করছে।

মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, ধূমপানের কারণে নানা ধরনের শারীরিক ক্ষতি হয়, বিশেষ করে শিশুরা ও অধূমপায়ীরা বেশি ক্ষতির শিকার হন। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানান, যেন সারা দেশে ধূমপান ও মাদক কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।