জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আগামীকাল ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জাতীয় জুলাই সনদ ২০২৫’ এর স্বাক্ষর অনুষ্ঠান। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় শুরু হবে এই অনুষ্ঠান। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ কমিশনের অন্যান্য উপদেষ্টা ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। বিষয়টি বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে ঐকমত্য কমিশনের নেতারা বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাবেন।

শায়রুল কবির খান আরও বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয় ছাড়াও বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারে ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল।