নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারী যেসব নাগরিক এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি, তাদেরকে দ্রুত ভোটার হিসেবে নিবন্ধন করতে বলা হয়েছে। এছাড়া ভোটার হতে প্রয়োজনীয় কিছু তথ্য ও নথির নির্দেশনা দিয়েছে ইসি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
ইসি জানিয়েছে, সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে। যাদের জন্ম তারিখ ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে এবং যারা এখনও ভোটার হিসেবে তালিকাভুক্ত হননি, তারা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তবে একই ব্যক্তি একাধিকবার ভোটার হলে সেটি আইনত অপরাধ বলে গণ্য হবে। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে এমন অপরাধ সহজেই শনাক্ত করা সম্ভব।
ভোটার নিবন্ধনে প্রয়োজনীয় নথিপত্র:
১. ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি
২. জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি
৩. নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন ইত্যাদি) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৪. এসএসসি/দাখিল/সমমান পরীক্ষার সনদ অথবা অষ্টম শ্রেণি পাসের সনদের কপি (যদি প্রযোজ্য হয়)
৫. ইউটিলিটি বিলের কপি (যেমন: বিদ্যুৎ, গ্যাস, পানি বা চৌকিদারি ট্যাক্স রসিদ)
ইসি ভোটার তালিকার খসড়া প্রকাশের আগে নতুনদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
