ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে রাখা হলো শাহ আজিজুর হল!

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা চারটি হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। আজ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনা হলের নতুন নাম রাখা হয়েছে ‘জুলাই-৩৬ হল’, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে ‘শহীদ আনাছ হল’, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম হয়েছে ‘শাহ আজিজুর রহমান হল’, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম রাখা হয়েছে ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল’ এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের পরিবর্তিত নাম হয়েছে ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে এসব স্থাপনার নাম পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। এরপর ২৬ ফেব্রুয়ারির সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তর ও ডিনদের কাছে পাঠানো হয়েছে।