নিজের রাজনীতিতে অংশগ্রহণ সম্পর্কে যা বললেন ডঃ ইউনুস।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

নিজের নির্বাচনে অংশগ্রহণ ও রাজনীতিতে যোগদানের কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, সংস্কারের যে উদ্দেশ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেটি এগিয়ে নেওয়াই তার মূল দায়িত্ব।

সম্প্রতি মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। শুক্রবার (১৫ আগস্ট) সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশিত হয়।ঐকমত্য কমিশন গঠনকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে ড. ইউনূস জানান, এটি ১১টি সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে গঠিত হয়েছে। কমিশনটি চলতি মাসের শেষের দিকে নির্বাচনসংক্রান্ত সংস্কারের প্রতিবেদন দিতে পারে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা তৈরিতে সহায়ক হবে।

তিনি বলেন, “আমরা এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আশা করছি, এ মাসের শেষের দিকেই ঐকমত্য কমিশনের প্রতিবেদন হাতে আসবে।”এই কমিশনের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক ও সংবেদনশীল বিষয়গুলোতে সমঝোতা তৈরি করা।প্রধান উপদেষ্টা বলেন, “রাজনৈতিক বিষয়ে ঐকমত্য অপরিহার্য। সংসদ এককক্ষ বিশিষ্ট হবে নাকি দ্বিকক্ষ বিশিষ্ট—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে।

”তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত। এবারের নির্বাচন পূর্ববর্তী তিনটি ‘ভুয়া’ নির্বাচনের তুলনায় অনেক ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি প্রকৃত নির্বাচন পাবে। আগের নির্বাচনগুলো ছিল ‘ভুয়া’ নির্বাচন, যেখানে কেউ ভোটকেন্দ্রে যায়নি, আর ভোটকেন্দ্রে আসলে কী ঘটেছে—মানুষ তা জানতেও পারেনি।”শেখ হাসিনার আমলে যেসব লাখো ভোটার ভোট দেওয়ার সুযোগ পাননি, এবারের নির্বাচন তাদের জন্য একটি বড় সুযোগ হয়ে আসবে বলে তিনি উল্লেখ করেন।