চার দশক পর ইতিহাসের পুনরাবৃত্তি, এক ফ্রেমে রজনীকান্ত ও কমল।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

বিনোদন ডেস্ক:

তামিল চলচ্চিত্রের দুই জীবন্ত কিংবদন্তি রজনীকান্ত ও কমল হাসান-চার দশকেরও বেশি সময় পর আবার ফিরছেন একসঙ্গে বড় পর্দায়। ভারতীয় সিনেমার জন্য নিঃসন্দেহে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। তাঁদের নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক নেলসন দীলিপ কুমার, যিনি ২০২৩ সালে রজনীকান্তকে নিয়ে ‘জেলার’ বানিয়ে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিলেন।

নেলসনের নতুন এই প্রজেক্টের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’। নামের মধ্যেই স্পষ্ট-এটি দুই তারকার সমান উপস্থিতির গল্প। সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই তার ইঙ্গিত মিলেছে। রসিকতা, খুনসুটি আর স্টাইলের মিশেলে তৈরি প্রোমোতে দেখা যায়-স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটছেন রজনীকান্ত ও কমল হাসান। তাঁরা এগিয়ে যান একটি গ্যারেজের দিকে, তারপর একই গাড়িতে বসেন। পেছনের সিটে বসে আছেন পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিশঙ্কর।

নতুন গানের ঝলক শোনাতে চাইলে কমল হাসান গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দেন, “ওসব পরে শুনব, আগে বলো-এই সিনেমায় নায়ক কে?” ঠিক একই প্রশ্ন করেন রজনীকান্তও। কিন্তু পরিচালক কোনো উত্তর দেন না। রহস্য আর রসিকতার এই টানাপোড়েনেই শেষ হয় প্রোমো।প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজ এক বিবৃতিতে জানিয়েছে, রজনীকান্ত ও কমল হাসানকে একত্র করা তাদের দীর্ঘদিনের স্বপ্ন। এটি শুধু একটি সিনেমা নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আবেগঘন এক অধ্যায়। যথেষ্ট দায়িত্ব ও কৃতজ্ঞতা নিয়ে তারা এই যাত্রা শুরু করতে যাচ্ছে।