নিজস্ব প্রতিনিধি:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এক ব্যক্তির জন্য সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের সীমা নির্ধারণে বিএনপিসহ সব রাজনৈতিক দল একমত। এতে দেশে ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের প্রবণতা কমবে বলে মনে করা হচ্ছে।রোববার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, টানা হোক বা বিরতির মাধ্যমে, কোনোভাবেই যেন একজন ব্যক্তি ১০ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী না থাকেন।
একইভাবে, নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে এই নিয়ম চালু হওয়া উচিত। সংবিধানের মূলনীতির সঙ্গে কমিশনের প্রস্তাবে বিএনপি একমত। তবে, পঞ্চম সংশোধনীর আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ধারা পুনরায় সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে দলটি।পুলিশ সংস্কার নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ পুলিশ কমিশন গঠন নিয়ে সব দল একমত। শৃঙ্খলা রক্ষা ও স্বচ্ছতা নিশ্চিতের জন্যই এই কমিশনের প্রস্তাব এসেছে।
কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে কমিশনের অধীন তদন্ত হবে এবং আইনের মাধ্যমে কমিশনের দায়িত্ব নির্ধারণ করা হবে। সব দলের মধ্যে এ বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি বলেন, পুলিশকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং তাদের আরও মানবিক হতে হবে।নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ১০০-তে উন্নীত করার প্রস্তাবে বিএনপি সম্মত।
তবে, এর কিছু অংশে সরাসরি নির্বাচনের ব্যবস্থা থাকা দরকার। তাই এই নির্বাচনে যারা ৩০০ আসনে প্রার্থী দেবে, তারা যেন অন্তত ৫ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেয়। ভবিষ্যতে তা ১০ শতাংশ এবং ধাপে ধাপে আরও বাড়ানো যেতে পারে।
